আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে বিমান হামলা চালায় পাকিস্তান। এই হামলায় একই পরিবারের পাঁচ সদস্যসহ অন্তত ১৫ নিহত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আফগানিস্তানের একটি সংবাদমাধ্যম। পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদন অনুসারে, স্থানীয় সূত্র বলছে, পাকিস্তানের বিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে। হামলার পর আহতদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করতে এবং হামলার দায় স্পষ্ট করতে আরও ব্যাপক তদন্ত প্রয়োজন।
এদিকে পাকতিকার বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আফগান এই মন্ত্রণালয় বলেছে,তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদেরই বৈধ অধিকার। সেইসাথে তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ বাড়িয়েছে। আর পাকিস্তান এই জঙ্গিদের আশ্রয় দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই আফগানিস্তানের তালেবানকে অভিযুক্ত করে আসছে। সূত্র: এএনআই, খামা প্রেস
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.