চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ওপারে ভারতীয় অংশে নদী থেকে তসিকুল ইসলাম নামের এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার ভারতীয় পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে বলে বিজিবিকে জানিয়েছে তসিকুলের পরিবার।
বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তসিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের এব্রাহিম আলীর ছেলে।
চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম ছবিসহ স্থানীয়রা জানান, কয়েকজন সহযোগীর সঙ্গে চোরাচালানের উদ্দেশ্যে ভারতে যান তসিকুল ইসলাম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সীমান্ত সংলগ্ন ভাগিরথী নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ভারতের পুলিশ। তবে তিনি কিভাবে মারা গেছেন সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় তসিকুলের বাবা ইব্রাহিম আলী বিজিবির বাখের আলী ক্যাম্পে এসে বিষয়টি অবহিত করেন। তিনি দাবি করেছেন, নদীতে ভাসমান অবস্থায় তসিকুলের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার ভারতের অভ্যন্তরে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, তসিকুলের ছবি পাঠানো হয়েছে বিএসএফের কাছে। একই সঙ্গে আগামীকাল (বৃহস্পতিবার) পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করলে তা ফেরত আনার ব্যবস্থা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.