শাহজাদপুরে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা ; খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
শাহজাদপুর ( সিরাজগঞ্জ) : শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের স্কুল শিক্ষক হারুন-অর-রশীদের (৩৬) হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গতকাল রোববার সকালে মানববন্ধনহ করেছে এলাকাবাসী। এদিন সকাল সাড়ে ১০ টায় হরিনাথপুর গ্রাম সংলগ্নহ শাহজাদপুর- পোরজনা প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নিহত স্কুল শিক্ষকের পিতা গাজী মোঃ আলাউদ্দিন, চাচা রেজাউর রউফ খান, বড় ভাই হুমায়ুন কবির, আওয়ামীলীগ নেতা ইসলাম, বনিক সমিতির সভাপতি আলি আজম, গ্রাম প্রধান হানিফ প্রামানিক, লোয়াই প্রামানিক, নিহতের বোন লুসি খাতুন প্রমুখ। এসময় স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে।
বক্তারা বলেন, নিহত হারুন -অর- রশীদ পাবনা জেলার আমিনপুর থানাধীন রতনগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। দাম্পত্য জীবনে স্ত্রী রেখা খাতুনের উশৃংখল জীবন যাপন এবং পরকিয়ায় লিপ্ত থাকার ঘটনায় অতিষ্ঠ হয়ে প্রায় তিন মাস পূর্বে শিক্ষক হারুন তার স্ত্রীকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলার বড়মহারাজপুর গ্রামের তার শ্বশুর ফখরুল মোল্লা ও চাচাৃ শ্বশুর দুলাল মোল্লার নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনী গত ২৪ মে শুক্রবার রাতে অস্ত্রের মুখে হারুনকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং পোরজনার মাঠের মধ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে ১৯ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার ১০ দিন পরও পুলিশ প্রধান আসামিদের গ্রেফতার করতে পারেনি। বক্তারা অভিযোগ করেন মামলা তুলে নিতে আসামীরা প্রতিনিয়তই তাদের নানা ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এতে নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। মানববন্ধন শেষে খুনীদের ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, শিক্ষক হারুন হত্যা মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলমান রয়েছে। মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যবৃন্দ , আত্মীয় স্বজন, গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ শত শত নারী পুরুষ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ জেলহক হোসেন,
নির্বাহী সম্পাদক: মোঃ আলামিন হোসেন, বার্তা সম্পাদক: মাসুদ মোশাররফ
মোবাইল: 01712458580, 01643-119696
ঢাকা অফিস: ৪৩ নয়াপল্টন ২য় তলা(পল্টন থানার বিপরীতে) ঢাকা-১০০০।
Copyright © 2026 দৈনিক যমুনা সংবাদ. All rights reserved.