
সিরাজগঞ্জে রায়গঞ্জর পুরাতন বগুড়া আঞ্চলিক সড়কে দুটি ব্রিজের মুখ বন্ধ করে মাটি ভরাটের দায়ে তিন জনকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে চান্দাইকোনা ষোলমাইল এলাকার পুরাতন বগুড়া সড়কের জোড় ব্রিজ নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে আবাদি জমির পাশে ব্রিজের মুখ বন্ধ করে মাটি ভরাট করছিল। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় তিন জনকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে চান্দাইকোনা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন কে ৫০ হাজার, বগুড়া জেলার শেরপুর থানার রোরুয়া গ্রামের সোলায়মান হোসেন খানের পুত্র মোশাররফ হোসেন কে ১ লাখ ৫০ হাজার টাকা ও চান্দাইকোনা গ্রামের ওসমান আলীর পুত্র শরিফুল ইসলামকে ৮০ হাজার টাকা সহ মোট ২ লাখ ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও দুই দিনের মধ্যে ভরাটকৃত মাটি অপসারণ করে স্থানটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন রায়গঞ্জ থানা পুলিশ।