
দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা এসআইএল ইন্টারন্যাশনালের রজত জয়ন্তী পালিত হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী আলোচনা সভা, আদিবাসী নৃত্য, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এসব অনুষ্ঠান হয়।
সভায় বক্তারা বলেন, এসআইএল ইন্টারন্যাশনালের মূল লক্ষ্য হল পৃথিবীব্যাপী মানুষের ভাষাগুলো অধ্যয়ন ও নথিভুক্তকরণপূর্বক ভাষিক জ্ঞান আহরণ, সাক্ষরতা বৃদ্ধি এবং ভাষাগুলোকে অনুবাদ করা। সংখ্যালঘু ভাষাগুলোকে বিকাশে সহায়তা করার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন করতে কাজ করছে সংস্থাটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, জেলা কালচারাল অফিসার রাজু আহমেদ, সচেতন নাগরিক কমিটি-সনাকের জেলা শাখার সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম রেজা, কোল সম্প্রদায়ের নারী নেত্রী কল্পনা কোল মুরমু, এনএজিআর’র নির্বাহী পরিচালক স্টেফান সরেনসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর নারী-পুরুষ।