
সিরাজগঞ্জে রায়গঞ্জের সলঙ্গায় দাদী সন্দেশ বেওয়া (৮৫) বৃদ্ধাকে গলা কেটে হত্যা করল মাদকাসক্ত নাতি সজিব আলী(২২)। গত বুধবার গভীর রাতে সলঙ্গা থানার চকবরু ভেংড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সলঙ্গা থানা পুলিশ নাতি সজিব আলীকে আটক করেছে। সন্দেশ বেওয়া ওই গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী। আটক সজিব আলী একই গ্রামের আহমদ আলীর ছেলে। পরিবারের দাবী সজিব মাদকাসক্ত ও মানসিক প্রতিবন্ধী। স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে বৃদ্ধার ঘর থেকে চিৎকারের শব্দে প্রতিবেশীরা এগিয়ে এসে বৃদ্ধার গলা কাটা মরদেহ দেখতে পায়।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ রাতেই উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্থ অবস্থায় দাদীকে হত্যা করেছে সে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।