
মঙ্গলবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌর জামায়াতে ইসলামী’র উদ্যোগে ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি স্মরণে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বসুরহাট পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। এতে শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।
তিনি বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে জামায়াতের নেতাকর্মীদের ওপর চালানো হত্যাযজ্ঞ বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। আজও আমরা সেই শহীদদের ভুলে যাইনি। শহীদদের রক্ত বৃথা যাবে না—এই শপথ নিয়েই আমরা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসাইন, পৌর জামায়াতের সেক্রেটারী এবিএম হেলাল উদ্দিন, গাজা গিয়াস উদ্দিন, মাওলানা মহিন উদ্দিন এবং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ আনসারী প্রমুখ।